গত বুধবার মামলার ৫৪তম ও শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরা সম্পন্ন হয়। এরপর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজকের দিনটি যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্ধারণ করেন।

আজ প্রথম দিনে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন পক্ষ থেকে যুক্তি খণ্ডন করা হবে। কয়েকদিনব্যাপী এই শুনানি শেষ হলে মামলাটি রায়ের অপেক্ষায় যাবে।

প্রসিকিউশনের যুক্তিতর্ক সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও প্রসিকিউশনের অফিসিয়াল ফেসবুক পেজে তা দেখা যাবে।

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের হওয়া এই মামলার সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে।

এর আগে, ৮ অক্টোবর মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে তৃতীয় দিনের মতো জেরা সম্পন্ন করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।

মোট ২৮ কার্যদিবসে এ মামলায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়। যুক্তিতর্ক শেষে রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

এনএইচ