বুধবার (১৫ অক্টোবর) সকালে গিয়ে দেখা যায়, আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যাওয়া গোডাউন থেকে এখনো ধোঁয়া উঠছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

কেমিক্যাল গোডাউনের পাশেই অবস্থিত রাইজিং ফ্যাশন নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে এসে অসুস্থ হয়ে পড়েন। তাদের অনেকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

রাইজিং ফ্যাশনের এক কর্মী মো. আল আমিন বলেন, গার্মেন্টসের ভেতরে এখনো কেমিক্যালের গন্ধে ভরে আছে। সকালে কাজ শুরু করার পর অনেকে মাথা ঘোরা ও বমির উপসর্গে অসুস্থ হয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। আহতদের মধ্যে তিনজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টির বেশি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চালায়। তবে ভবনের ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় এবং ঘন ধোঁয়ার কারণে তাদের উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশপাশের ভবনগুলোতে কেমিক্যাল গোডাউন থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

এনএইচ