প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে দেশ চলমান অগ্রগতি অব্যাহত রাখতে এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে মর্যাদার সঙ্গে দাঁড়াতে পারে।

বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি একথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্যই আন্তরিক ও নিবেদিতভাবে প্রত্যেকের কাজ করা উচিত, যাতে প্রিয় মাতৃভূমির সমৃদ্ধির পথে যে যাত্রা তা অব্যাহত থাকে এবং বিশ্বে এ দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে।

প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আজ শনিবার তার সরকারি বাসভবন ‘গণভবনে’ দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ঈদুল আজহা মানব কল্যাণের জন্য আত্মত্যাগের একটি মহান পদ্ধতি একথা উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মানবতার জন্য আত্মোৎসর্গে প্রস্তুত থাকা প্রত্যেক মানুষের কর্তব্য। বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে । আমরা এ সমৃদ্ধি ধরে রাখতে চাই। স্বাধীনতার যে মূল চেতনা তা সমুন্নত রেখে বাংলাদেশকে আমি বিশ্বে মর্যদাপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, জাতি হিসেবেও আমরা বিশ্বের বুকে মর্যদার আসন নিয়ে বাস করতে চাই।

দেশবাসী ও হজ যাত্রীদের প্রতি ঈদ শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ দেশ আমাদের, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন অনুযায়ী এদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই।

বাংলাদেশ অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি এই সমৃদ্ধি অব্যাহত রাখবো ইনশাল্লাহ’ বলেও তিনি উল্লেখ করেন।

এমবি