যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তদের বোমা হামলায় আব্বাস মোল্যা (৪৫) নামের এক আওয়ামী লীগকর্মী খুন হয়েছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, আব্বাস আওয়ামী লীগের কর্মী ছিলেন। তাঁর ভাই আবদুস সালাম স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
আরেক ভাই কামাল হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। দুপুর ১২টার দিকে ১৫-১৬ জন সন্ত্রাসী তাদের বাড়িতে হানা দিয়ে সাত-আটটি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে আব্বাস মোল্যা গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বলে, নিজ বাড়িতে সন্ত্রাসীদের বোমার আঘাতে আওয়ামীলীগ কর্মী আব্বাস মোল্যা নিহত হয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান।
এমআর





