পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দেয়ায় এক কলেজ শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে এক ছাত্রলীগ নেতা।

শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

জানা যায়, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম আপন আজ সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনার্স তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান ফাইনাল পরীক্ষায় অংশ নিতে জোরপূর্বক ২০৩ নং কক্ষে আসে। এ সময় তিনি নানা রকমের বিঘ্ন সৃষ্টি করেন।

পরে ওই রুমে কর্তব্যরত শিক্ষক ও ইংরেজি বিভাগের প্রভাষক শেখ মো.সামিউল ইসলাম তখন তাকে তার নিজ আসন ৩০১ নং কক্ষে গিয়ে পরীক্ষা দিতে বলেন। এতে সে শিক্ষকের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এসময় সে শিক্ষক সামিউল ইসলামকে হত্যার হুমকি দিয়ে বলে, আমি এ রুমেই পরীক্ষা দেবো। এরপর সামিউল ইসলাম বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে অবহিত করেন।

মহিলা কলেজের কয়েকজন শিক্ষক জানান, ছাত্রলীগ নেতা আপন নিয়মিত অবৈধভাবে নিজের পছন্দ মতো রুমে গিয়ে, পছন্দ মতো ছাত্রের সঙ্গে বসে পরীক্ষা দিচ্ছে। শিক্ষকরা বাধা দিলেই তাদের সঙ্গে সে দুর্ব্যবহার করে। মান-সম্মানের ভয়ে কেউ তার প্রতিবাদ করে না। আপন ব্যাপক আকারে সহযোগীদের নিয়ে নকল করে বলেও তার বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষকরা।

শনিবার মহিলা কলেজের শিক্ষকরা একত্রিত হয়ে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নেয়। এ প্রেক্ষিতে প্রভাষক সামিউল ইসলাম শনিবার দুপুরের পর সদর থানায় আপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম আপন বলেন, আমি শিক্ষককে হত্যার হুমকি দেইনি। আমি শান্তিপূর্ণভাবেই পরীক্ষা দিচ্ছি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ