হেফাজতে ইসলামের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহিম উল্লাহ কাসেমী ইন্তেকাল করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান এই খবর নিশ্চিত করেছেন।
আজ (২৬ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর ২টা ৩০মিনিটে তার প্রতিষ্ঠিত মাদরাসায় মরহুম রহিম উল্লাহ কাসেমীর জানাজা অনুষ্ঠিত হবে।
তার ইন্তেকালের খবর পেয়ে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালীর হাতিয়ায় মাহফিলের সফরে খুব অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে মাইজদীর একটি হাসপাতালে নেয়া হয়, পরে সেখান থেকে বনশ্রীতে ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কারণে তিনি আইসিইউতে ছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এসময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।
এমবি





