শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এর পরপরই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে, সম্ভাব্য নাশকতা বা হামলা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, নির্দেশনা পাওয়ার পর অনেক এলাকায় অতিরিক্ত টহল শুরু হয়েছে, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের সূত্রে জানা যায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনার পরপরই মৌখিক নির্দেশে কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পর্যায়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারাবছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

বর্তমানে সারাদেশে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কারাগার, বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনাকে কেপিআই হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা তত্ত্বাবধানের জন্য সরকারের একটি নীতিমালা কমিটি রয়েছে, যা নিয়মিতভাবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এনএইচ