কুষ্টিয়ার দৌলতপুরে দু’টি অস্ত্র, ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ ৪জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, আটকরা অস্ত্র ব্যবসায়ী।

বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার ছাতারপাড়া গ্রামের ছাকাত আলীর ছেলে আব্দুস ছালাম, মিরপুর উপজেলার আটিগ্রাম এলাকার আব্দুস শহীদ মল্লিকের ছেলে লালন, দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামের তফেজ প্রামানিকের ছেলে তারিক ও একই গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।

কুষ্টিয়া র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মুজিব জানান, দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাতে সেখানে অভিযান চালায়। এ সময় অস্ত্র ব্যবসায়ী আব্দুস ছালাম ও লালনকে একটি বিদেশী সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পিস্তল, দু’টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

এদিকে রাত সাড়ে ১২টার দিকে দৌলতপুর উপজেলার ফারাকপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী তারিক ও রবিউলকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে দু’টি মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান মেজর মোসাদ্দেক ইবনে মুজিব।

এমকে