পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে মূল বেতনের ২০ শতাংশ বোনাস পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ সংক্রান্ত নোটিশ এরইমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।

দেশে এই প্রথম বৈশাখের উৎসবে বোনাস পেলেন সরকারি চাকরিজীবীরা। যার ঘোষণা আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ মার্চ) সরকারের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি জানায় এরই মধ্যে সরকারি চাকুরেদের কাছে বোনাসের চিঠি চলে গেছে।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুমোদিত সরকারি চাকরিজীবীদের অষ্টম বেতন কাঠামোতে এই বৈশাখী বোনাস বা নববর্ষ ভাতা রাখা হয়। বৈশাখী বোনাস চালু হওয়ার ফলে এবার থেকে বছরে দুই ঈদ মিলিয়ে তিনটি উৎসবে ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বোনাস পাওয়ার পর একজন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তার ফেসবুক পোস্টে লিখেছেন:

‘আজ অফিসে আসার পর বিভাগের প্রশাসনিক কর্মকর্তা একটা কাগজ হাতে ধরিয়ে দিলেন। কাগজ’টি দেখেই আনন্দে মনটি ভরে গেলো। পহেলা বৈশাখের উৎসব বোনাস পেয়েছি । পরিমানে মুল বেতনের ২০% হলেও আনন্দের পরিমান হিসাব করা যাবেনা । সম্রাট আকবর বাংলা সন ও উৎসব চালু করে গিয়েছিলেন আর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এর আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছি ।’

এআইজে