দেশের প্রতিটি জেলায় কমপক্ষে তিনটি করে যানবাহন প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি করোনা মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখ্য, আক্রান্ত রোগী শনাক্তকরণের লক্ষ্যে ইতোমধ্যে ঢাকাসহ বিভিন্ন বিভাগে কয়েকটি টেস্ট ল্যাব স্থাপন করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, এ প্রেক্ষাপটে প্রতিটি জেলায় নমুনা সংগ্রহের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন।
করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিটি জেলায় স্যাম্পল কালেকশনের জন্য কমপক্ষে দুটি যানবাহন এবং রোগী পরিবহনের জন্য একটি যানবাহন (মাইক্রোবাস) প্রস্তুত রাখার জন্য বলা হয় ডিসিদের।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর থেকে আজ বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় আরও ৩ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। নতুন করে শনাক্ত ৫৪ যাদের মধ্যে রাজধানীতেই রয়েছে ৩৯ জন। বাকি ১৫ জন ঢাকার বাইরে। মোট আক্রান্ত ২১৮ জন।
এএস





