সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা সোমবার চাকরি স্থায়ী করণের দাবিতে মিন্টো রোডের ভিআইপি এলাকায় সড়ক অবরোধ করেছে। মিন্টো রোড থেকে তাদের জাতীয় প্রেসক্লাবের সামনে যাওয়ার কথা রয়েছে।
প্রকল্পের এক কর্মচারী মানিক জানান, সরকারের একটি বাড়ি একটি খামাড় প্রকল্পে প্রায় সাড়ে সাত হাজার কর্মকর্তা-কর্মচারী রয়েছে। দীর্ঘদিন চাকরি করে এলেও তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে তারা দীর্ঘদিন আলোচনা করে এলেও তাদের কথায় কেউ কর্ণপাত করছে না। যে কারণে তারা আন্দোলনে নেমেছেন।
কাওসার নামের অপর এক কর্মচারী বলেন, আজ সকালে তারা সব্জিবাগানের প্রবাসী কল্যাণ ভবনের তাদের প্রধান কার্যালয়ে আসেন। এই ভবনেই একটি বাড়ি একটি খামাড় প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংক রয়েছে। তারা সকাল থেকে এই ভবনের সামনে অবস্থান নেন।
এসময় তাদের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে ব্যর্থ হন। বেলা আড়াইটার দিকে তারা কাকরাইল-মগবাজার সড়কে গিয়ে অবস্থান নেন। এতে ওই রাস্তায় তীব্র যানজট লেগে যায়।
মিন্টোরোডসহ এই এলাকার মন্ত্রী পাড়ার রাস্তাঘাটেও যানজট লেগে যায়। আন্দোলনকারীরা বলেছেন, তারা প্রেসক্লাবের সামনে যাবেন এবং সেখানে অবস্থান গ্রহণ করবেন।
আন্দোলনকারীরা বলেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু তাদের চাকরি স্থায়ী হচ্ছে না।
এমবি





