রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তুষভান্ডার স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছানোর পর ট্রেনটির যাত্রীবাহী বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিংয়ের ওপর থেমে যায়। তবে চালক বিষয়টি বুঝতে না পারায় ইঞ্জিনটি একাই প্রায় এক কিলোমিটার সামনে চলে যায়।
এদিকে মহাসড়কের ওপর বগিগুলো আটকে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় আটকে থাকে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন। এতে ওই সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। প্রচণ্ড গরমের মধ্যে শত শত যাত্রী ও চালককে প্রায় এক ঘণ্টা ভোগান্তিতে পড়তে হয়।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, খবর পেয়ে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ওই ইঞ্জিন বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে যুক্ত করে ট্রেনটি আবার বুড়িমারীর উদ্দেশে পাঠানো হয়।
বগি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়।
স্টেশন মাস্টার জানান, ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুকে যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় কোনো যাত্রী বা পথচারী আহত হননি।
এস











