করোনাভাইরাস মহামারির চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর ঐক্য, সংহতি এবং মমত্ববোধের ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, “মহামারি সংক্রমণ হ্রাস এবং এ ভাইরাসকে পরাজিত করতেই নয়, এ সংকট থেকে সৃষ্ট অর্থনৈতিক প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার জন্যও বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।”
বুধবার (২২ এপ্রিল) কোভিড-১৯ মহামারি বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ওআইসি কার্যনির্বাহী কমিটির এক ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
এ সময় করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে বেকারত্বের আকস্মিক ধাক্কা বন্ধ করে সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য বিশ্বজুড়ে বিশেষত মধ্যপ্রাচ্য এবং ওআইসির বিভিন্ন সদস্য দেশগুলোতে অভিবাসী শ্রমিকদের দুর্দশার বিষয়টি উল্লেখ করে সব দেশীয় ও আবাসিক অভিবাসী কর্মীদের বিশেষত মুসলিম অভিবাসী শ্রমিকদের চাকরি রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক সংকট পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী সহায়তার প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি
এমবি





