বুধবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা ও রিয়া‌দের ম‌ধ্যে রাজনৈতিক সংলাপের পর সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড. মো‌মেন ব‌লেন, হ‌জে যারা যা‌বেন, তারা যেন এ দে‌শে সহ‌জে ভিসা ক‌রে যে‌তে পা‌রেন সে বিষ‌য়ে আমরা ব‌লে‌ছি, যেন হয়রা‌নি কম হয় তা‌দের। এ বিষয়ে সৌ‌দির পররাষ্ট্রমন্ত্রী ব‌লে‌ছেন, শতভাগ ভিসা ক্লিয়া‌রেন্স যেন বাংলা‌দে‌শে হয়, সে জন্য তারা সহ‌যো‌গিতা কর‌বেন। সব কার্যক্রম এখা‌নে হ‌লে কো‌নো হয়রা‌নি হ‌বে না। এতে আমা‌দের হা‌জিরা খুব খু‌শি হ‌বে।

বৈঠ‌কে অন্য বিষয়ে আলোচনার প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সৌদি আরবের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছি। সৌদি আরব ৫০ বিলিয়ন বৃক্ষরোপনের উদ্যোগ নিয়েছে। আমরা এ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছি।

মো‌মেন ব‌লেন, প্রতি বছর ২৬৫ জন বাংলাদেশি শিক্ষার্থীকে স্কলারশিপ দেয় সৌদি আরব। তবে মাত্র ৮০ জন শিক্ষার্থী যায়। কোটা কেন পূরণ হয় না? এ বিষ‌য়ে আমরা আলাপ ক‌রে‌ছি।

বেলা পৌ‌নে ১১টায় বাংলা‌দেশ ও সৌ‌দি আর‌বের ম‌ধ্যে প্রথম দ্বিপক্ষীয় রাজনৈতিক সংলাপ শুরু হয়। পরে শুল্ক খাতে সহযোগিতা বাড়াতে একটি চু‌ক্তি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমি ও বাদশা ফয়সাল ইনস্টিটিউটের ম‌ধ্যে সহযোগিতা স্মারক সই ক‌রে‌ ঢাকা ও রিয়াদ।

উল্লেখ্য, এর আগে সকালে ঢাকা সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এমআই