উত্তর ঢাকায় মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে জোর লড়াই চলছে আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীদের।

এখন পর্যন্ত বিএনপির মনোনয়ন চেয়েছেন তাবিথ আউয়াল-আসাদুজ্জামান রিপনসহ ৫ জন। আর আওয়ামী লীগের হয়ে নৌকা মার্কায় ভোটে লড়তে চান সাবেক এমপি এইচ বি এম ইকবাল ও আতিকুল ইসলামসহ ১১ জন। দুই দিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করবে প্রধান দুই দল।

উত্তর ঢাকার মেয়র পদে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ ও বিএনপি। কার্যালয়ে আসছেন আগ্রহী প্রার্থীরা।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামসহ এ পর্যন্ত ফরম নিয়েছেন ১১ জন। রোববার মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য এইচবিএম ইকবাল।

বিকাল ৫টা পর্যন্ত ফরম নিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। সন্ধ্যা ৭টার মধ্যে দিতে হবে জমা। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত হচ্ছে নৌকা মার্কার প্রার্থী।

মনোনয়নপত্র দেয়া শুরু করেছে বিএনপিও। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলেছেন দলটির সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান, আসাদুজ্জামান রিপন ও তাবিথ আউয়ালসহ ৫ জন।

বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিতে হবে ফরম। রাতেই গুলশান কার্যালয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার মনোনয়ন বোর্ড। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদ। তফসিল অনুযায়ী ২৬শে ফেব্রুয়ারি হচ্ছে ভোটগ্রহণ।

জেড