সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন। এদিন হাজী সেলিম ও তার ছেলে সোলায়মানকে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অপরদিকে হাজী সেলিমের আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে ও ১৪ নভেম্বর তার ছেলে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে বিক্ষোভে যোগ দেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। এ সময় আসামিদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরবর্তীতে নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় ও আরও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। হাজী সেলিম এ মামলার ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

এনএইচ