ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নিহতদের মধ্যে তিন জন পুরুষ (৪০-৪৫), দুই জন মেয়ে শিশু ও এক নারী (৩৩) রয়েছেন।
আজ সোমবার (০৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের ডা. শরিফুল, তার মেয়ে তাবাসসুম, শালিকা তাকিয়া, ভাতিজি তানজিলা, মাইক্রোবাসচালক নাহিদ ও ডা. শরিফুলের বন্ধু ঢাকা হেডকোয়ার্টারে কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর মো. ফারুক।
এ ঘটনায় আহত হয়েছেন ডা. শরীফুলের স্ত্রী রিম্মি। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ডা. শরিফুলের ভায়রা ভাই মো. হান্নান জানান, সোমবার সকাল পৌনে ৮টার দিকে গ্রামের বাড়ি থেকে ডা. শরিফুল পরিবারের ৫ সদস্য ও বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর ফারুককে নিয়ে মাইক্রোবাসে করে কক্সবাজারের উদ্যেশে রওনা হন।
পথিমধ্যে সকাল পৌনে ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে মাইক্রোবাসটি পৌঁছালে ঢাকা থেকে খুলনাগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলের ছয়জনের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ওসি ছাফুর আহম্মেদ বলেন, নিহতদের উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। আহত রিম্মিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএস





