বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। আপনাদের দাবি যথাযথভাবে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করতে পারলে তা জাতীয়করণ হতো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলেম সমাজের প্রতি আলাদা দরদ রয়েছে বলে জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া ।

বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ বক্তব্য করেন।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকলেই ভারত বিএনপির বন্ধু হয়ে যায় । আর যখন বিএনপি বিরোধী দলে থাকে তখন ভারত তাদের শত্রু বনে যায়’।

ফজরে রাব্বি বলেন, বিএনপি নেতৃত্ব অনেক দেনদরবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বলেছেন, দেশে গণতন্ত্র অনুপস্থিত। এর জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। আর বিএনপির জন্ম মার্শাল ’লয়ের মধ্যে। তারা গণতন্ত্রের কী বুঝবে!’

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্থলসীমান্ত চুক্তি অনুসমর্থন বর্তমান সরকারের সাফল্য; যা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ ছিল। সে কাজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে সমর্থ হয়েছেন।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সাগর আহমেদ শাহীন, উপ-কমিটির সহ-সম্পাদক এম এ করিম, ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী ও সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান প্রমুখ।

 

এমএ