রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে যাত্রা করেন তিনি। তার সঙ্গে রয়েছেন সফরসঙ্গীরাও। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রোমে অবস্থানকালে ড. ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া তার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন সম্পর্কিত বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন। এ বছর এটি অনুষ্ঠিত হচ্ছে ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দফতরে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গবেষক, উদ্ভাবক ও তরুণ নেতারা অংশ নিচ্ছেন। তারা বৈশ্বিক খাদ্যব্যবস্থার ভবিষ্যৎ ও টেকসই সমাধানের পথ খুঁজবেন।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি ও বৈশ্বিক ইস্যুতে অংশগ্রহণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফর শেষে ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
এনএইচ