মুন্সীগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর বস্তার নিচে চাপা পড়ে ইউনুছ বেপারী (৩৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
দুপুরে শহরের উপকণ্ঠে মুক্তারপুর এলাকার দেওয়ান কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ মানিকগঞ্জের চরবারেঙ্গা গ্রামের শাহজাহান বেপারীর ছেলে।
মুক্তারপুর নৌফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন শ্রমিক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, কোল্ড স্টোরেজের ভেতর আলুর বস্তা সংরক্ষণ করার সময় শ্রমিক ইউনুছ পা পিছলে মেঝেতে পড়ে যান। এ সময় তিনি বেশ কয়েকটি আলুর বস্তার নিচে চাপা পড়েন। অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
পরে দুপুর ২ টার দিকে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার ওসি আবুল খায়ের ফকির ঘটনাস্থল পরিদর্শন করেন।
এমকে





