জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (২মার্চ) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাংবিধানিক পদাধিকারীগণ, দেশে ও দেশের বাইরে কর্মরত সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ সকল জাতীয় দিবস উদযাপন এবং অন্যান্য রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে ‘জয় বাংলা‘ স্লোগান উচ্চারণ করবেন।
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিনের সমাবেশ শেষে এবং সভা-সেমিনারে বক্তব্যের শেষে শিক্ষক ও ছাত্রছাত্রীরা ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করবেন।
এর আগে, গত ২০ ফেব্রুয়ারি ‘জয় বাংলা’ স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির বিষয়টি অনুমোদন দেয় মন্ত্রিসভা।
সেদিন জানানে হয়, ২০২০ সালে হাইকোর্টের একটা রায় আছে, সেখানে জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। সে কারণে আজ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতির ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রচার করতে হবে।
এমআই





