আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের দাখিলকৃত ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার জেলা রিটার্নিং অফিসার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রকিব উদ্দিন মোল্লা মনোনয়পত্র যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

বাছাইয়ে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা, বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু, জেএসডি (রব) প্রার্থী শিরীন আক্তার এবং পিডিপি প্রার্থী এডভোকেট সায়েবুর রহমানের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও মেয়র পদে দাখলকৃত স্বতন্ত্রপ্রার্থী মেজর (অবঃ) মামুনুর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মামুনুর রশীদ নির্বাচনী আইন মোতাবেক প্রদত্ত ৩০০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনের বাছাইতে যথাযথভাবে না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের উপস্থিতিতে রিটার্নিং অফিসারের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

রিটার্নিং অফিসার মো. রকিব উদ্দিন মোল্লা বলেন, নির্বাচন সুষ্ঠ শান্তিপৃর্ণ পরিবেশ এবং নিরপেক্ষভাবে করার জন্য প্রার্থী সমর্থকদের প্রতি আহবান জানান।

রাসেল/জারিফ