দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে ঘটনায় ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সিলেট নগরের উপশহরে একটি বাসা থেকে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন-জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুমেল শাহ, লোকমান হোসেন,
ছয়ফুর রহমান জুয়েল, ফয়ছল আহমেদ, মুন্না খান, বাবুল আহমদ, সুয়েদুল ইসলাম সোয়েদ, আব্দুল্লাহ, মাজহারুল ইসলাম, ইমরুল হোসেন ও জমির আলী।
নগর পুলিশের শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, উপশহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, বুধবার বিকালে ছাত্রদলের ওয়ার্ড কমিটি গঠন নিয়ে উপশহর বি-ব্লকের ২৮ নম্বর সড়কের একটি বাসায় বৈঠকে বসেন মিজানুর রহমান নেছারের অনুসারীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখানে হামলা চালায় প্রতিপক্ষ উমেদুর রহমান উমেদ গ্রুপের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেলও ছোড়া হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে এবং ছাত্রদল নেতা নেছার, রুমেলসহ ১২ জনকে আটক করা হয়।
এআর





