বন্দরনগরী চট্টগ্রামের আকাশে ঘনাতে থাকা মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কালো আঁধার এখন আরো ঘনীভূত। টানা পাঁচদিন ধরে ক্রমাগতভাবে বাড়তে থাকা সংক্রমণ এবার বড় লাফ দিল।
বৃহস্পতিবারের আগের ২৪ ঘণ্টায় চটগ্রামে এক সঙ্গেই সনাক্ত হয়েছেন ৫৯ জন রোগী। এর মধ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ৬১টি নমুনা পরীক্ষায় ৪০ জনেরই করোনা পজেটিভ হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিভাসু থেকে এ রিপোর্ট হাতে আসার পর মুহুর্তের জন্য স্তব্ধ হয়ে যান চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। বারবার চেক ক্রসচেক করে শুক্রবার বেলা ১টা ৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির।
বৃহস্পতিবার ( ৮ মে ) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয় ১৯ জনের।
এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে এদিন ৬১টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে মোট ৪০ জনের। যা চট্টগ্রামে এযাবৎ কালের রেকর্ড করোনা শনাক্ত। এছাড়া কক্সবাজারে চট্টগ্রামের লোহাগাড়ার এক রোগীর করোনা শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে বৃহস্পতিবার একদিনেই চট্টগ্রামে ৫৯ জনের করোনা সনাক্ত হলো।
এমআর





