মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাসহ অন্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
সারাদেশে বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নির্ধারিত বুথে নিজেদের ভোট প্রদান করছেন।
কারাগার সূত্রে জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতাসহ মোট ২২ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করবেন।
তাদের মধ্যে রয়েছেন– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। পাশাপাশি সাবেক পুলিশ কর্মকর্তা ও সাবেক সচিবসহ আরও অনেকে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
আজ (মঙ্গলবার) সকালে কেরানীগঞ্জ কারাগারে বন্দিদের ভোট প্রদানের কার্যক্রম সশরীরে পরিদর্শন করেন কারা-মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি জানান, ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার দেশের বিভিন্ন কারাগারে আজ থেকে ভোট প্রদান করছেন। ডাকযোগে খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার ইতিমধ্যে দেশের সব কারাগারে পৌঁছে দেওয়া হয়েছে।
আইজি প্রিজন আরও জানান, ভোটাধিকার প্রয়োগের জন্য আগে সময়সীমা ৫ ফেব্রুয়ারি থাকলেও ৪ ফেব্রুয়ারি সরকারি ছুটি থাকায় সময় বাড়িয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান, বেলা ১১টা থেকে কারাগারের ১০টি বুথে ভোটগ্রহণ চলছে। ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে বন্দিদের আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমানে তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
উল্লেখ্য, দেশের সব কারাগারের মধ্যে কেরানীগঞ্জেই সবচেয়ে বেশি (৬০০ জনের বেশি) কারাবন্দি ভোটার রয়েছেন।
এমএম