রাজশাহীর বাগমারা উপজেলায় নারায়ণগঞ্জ ফেরত এক প্রকৌশলী (২৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনার পর পুরো গ্রাম লকডাউন করা হয়েছে।
ওই প্রকৌশলীর বাড়ি রাজশাহীর বাগমারার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামে। তিনি নারায়ণগঞ্জে একটি টেক্সটাইল মিলের প্রকৌশলী।
সোমবার রাতে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, আক্রান্ত ব্যক্তির সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা গেছে, ওই ব্যক্তি ১০/১২ দিন আগে নারায়ণগঞ্জ থেকে রাজশাহীর বাগমারার যাত্রাগাছি গ্রামের নিজে বাড়িতে ফেরেন।
গত ৪/৫দিন ধরে তার সর্দি, জ্বর ও কাশি হচ্ছিল। গত শনিবার তার শ্বাসকষ্ট শুরু হলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা সন্দেহজনক করোনা আক্রান্ত হিসেবে তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ করোনা ল্যাবে পাঠায়। গত রোববার তার নমুনা পরীক্ষা করা হয়। সোমবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
তিনি এতদিন নিজ বাড়িতে কোয়ারেন্টিনে ছিলেন। তার শারীরিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নেয়া হবে। এরপর রাত সাড়ে ১১টায় ইউনিয়নটি লকডাউন ঘোষণা করা হয়।
এদিকে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, ইতিমধ্যে রাজশাহী সিভিল সার্জনের অনুরোধে তারা যাত্রীগাছি গ্রামে গিয়ে আক্রান্ত ব্যক্তির পুরো বিবরণ নেবেন। এরপর কর্তৃপক্ষের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
তাকে রাজশাহীতে আইসোলেশন হাসপাতালে নেয়া হবে নাকি; বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে তা আরও পরে সিদ্ধান্ত হবে।
অন্যদিকে সর্বশেষ এই আক্রান্তকে নিয়ে রাজশাহীতে গত দুদিনে দুজন করোনা আক্রান্ত শনাক্ত হলো। রোববার রাজশাহীর পুঠিয়া উপজেলার জিউপাড়ায় নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মীর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।
পরে পুরো গ্রাম লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক।
এমআর





