প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিনের পরিবারের সব দায় দায়িত্ব নেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
বুধবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে ডা. আবুল কালাম আজাদ এই তথ্য জানান।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, চিকিৎসকের মৃত্যুতে প্রধানমন্ত্রী গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে তারা ওই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা নিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে ছুটে যাই এবং নিহত চিকিৎসকের সহধর্মিণীর সঙ্গে কথা বলি।
তিনি বলেন, নিহত চিকিৎসকের সহধর্মিণীও একটি বেসরকারি মেডিকেলের সহকারী অধ্যাপক। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, করোনায় মারা যাওয়া চিকিৎসকের দুটি শিশুর বয়স যথাক্রমে ১২ ও ৭বছর।
এ সময় নিজের বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চিকিৎসকের মৃত্যুতে মনে হচ্ছে আমরা আমাদের ভাইকে হারালাম। সহযোদ্ধাকে হারালাম।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। এতে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এমবি





