রোববার কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশে অসংখ্য পুকুর, বিল, হাওর-বাঁওড়সহ বিভিন্ন জলাশয় রয়েছে। অল্প জমি ব্যবহার করে এসব জলাশয়ে মাছ চাষের মাধ্যমে মানুষের স্বাবলম্বী হওয়ার বড় সুযোগ রয়েছে।

দেশের যেসব জলাশয় অব্যবহৃত পড়ে আছে, সেগুলো সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, যে এলাকার জলাশয় সংস্কার করা হবে, সেগুলো ওই এলাকার তরুণদের মধ্যে বণ্টন করা হবে। এতে একদিকে তরুণদের কর্মসংস্থান হবে, অন্যদিকে মাছের উৎপাদনও বাড়বে।

এ বিষয়ে মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রপ্তানিতে বড় সম্ভাবনা মৎস্য খাতে

মৎস্য খাতের সম্ভাবনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চিংড়িসহ বিভিন্ন মাছ ও মৎস্যজাত পণ্য বিদেশে রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।

২০২৫-২৬ অর্থবছরে বিশ্বের প্রায় ৫২টি দেশে মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এশিয়ার দেশগুলো ক্রমেই মিঠাপানির মাছ উৎপাদনের কেন্দ্রে পরিণত হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনাও অত্যন্ত উজ্জ্বল।

মৎস্য চাষ দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাছ চাষ, আহরণ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয়কে ঘিরে বিপুল মানুষের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর আয় বাড়াতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মৎস্য খাতে অবদানের জন্য পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা, ব্যবসায়ী, মৎস্যচাষি ও এ খাতের সঙ্গে বিভিন্নভাবে সম্পৃক্ত সবাই দেশের অর্জনের দাবিদার।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ মৎস্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্যচাষি, জেলে ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করেন। পরে মৎস্য খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে নির্বাচিত ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) তুলে দেন।

পরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল ৪টায় পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন সহায়তা কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এস