এবার বান্দরবান জেলা শহরের কাছেই আফিম ক্ষেতের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শহর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকার কাছে প্রায় এক একর আফিম বাগানের সন্ধান পায় তারা। বৃহস্পতিবার দুপুর থেকে সেখানে টানা অভিযান চালিয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আফিম বাগানটি ধ্বংস করেন।

স্থানীয়দের অভিযোগ, লাভজনক হওয়ায় একটি চক্র পাহাড়ের দুর্গম ঝিরি ঝরণা গুলোর আশেপাশে এই আফিম বাগানগুলো করে থাকে। উৎপাদিত আফিম সীমান্ত এলাকাসহ বিভিন্ন জায়গায় পাচার করা হয়। তারা আরো বলেন, নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ থাকায় এই সুযোগে স্থানীয় পাহাড়িরা লাভজনক আফিম চাষে আবারও ঝুঁকে পড়েছে। গত একমাসে বান্দরবানের রুমা, থানছি, আলীকদমসহ বেশকিছু প্রত্যন্ত এলাকায় বিপুলসংখ্যক আফিম বাগান ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

তারাশা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান উথোয়াই চিং মারমা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বেতছড়া এলাকার দুর্গম কদম প্রো পাড়ার পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সেখানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে সেগুলো ধ্বংস করেন। তবে কারা এই আফিম বাগান করেছে এ বিষয়ে স্পষ্ট করে জানা না গেলেও স্থানীয় একটি চক্র আফিম চাষে ওই এলাকার পাহাড়িদের উৎসাহিত করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, অভিযানের সময় আফিম চাষে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে কারা এই নিষিদ্ধ আফিম চাষ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মূলত আফিম বাগানগুলোর সন্ধান পাওয়া গেলও এবার এই প্রথম বান্দরবান জেলা সদরের কাছে এই বাগানের সন্ধান পাওয়া যায়।

এএইচ