শৃঙ্খলা বিরোধী কাজের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ থেকে প্রিয়া সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার (২২ জুলাই) সন্ধ্যায় সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ড. নিমচন্দ্র ভৌমিক।

সোমবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রিয়া সাহা (প্রিয়বালা সাহা) বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।

এতে বলা হয়, পরিষদের শৃঙ্খলা বিরোধী কাজের জন্য প্রিয়া সাহাকে সাময়িকভাবে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এটি অনতিবিলম্বে কার্যকর করা হবে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২২ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট। প্রিয়া সাহার অভিযোগ বাস্তব সম্মত নয় বলে জানান সংগঠনের নেতারা।

অপরদিকে, আত্মপক্ষ সমর্থনে রোববার ইউটিউবে আপলোড করা ভিডিওতে অর্থনীতিবিদ আবুল বারাকাতের সঙ্গে কাজ করার ব্যাপারে প্রিয়া সাহার বক্তব্য উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান ড. আবুল বারাকাত।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবসম্মত নয় বলে মনে করে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ১৬টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার সুযোগ পান।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্টকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান নিখোঁজ রয়েছেন। দয়া করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

এএস