সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের কোনো ইস্যু নেই, নেই কোনো প্রস্তুতিও। এ জন্য সরকার তাদের আন্দোলনে বাধা দেবে না। দেয়ার পরিকল্পনাও নেই।’

বগুড়া-সারিয়াকান্দি সড়কে শুক্রবার সকালে ছয়টি সেতুর উদ্বোধন শেষে বাঙ্গালী ব্রিজের পূর্ব পাশে সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলন বাধাগ্রস্ত করার কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত নয়। বিএনপি দেশের জনগণকে তাদের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি। জনগণ আন্দোলন চায় না।’

তিনি বলেন, ‘তারা জনগণকে সঙ্গে নিয়ে কিছু করতে পারবে না। তাদের সামনে চোরাপোপ্তা হামলা ছাড়া অন্য কোনো পথ নেই। সে জন্য চোরাই পথে ক্ষমতা দখলের জন্য চক্রান্ত চলছে।’

মন্ত্রী নিজ দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ‘দলের মধ্যে কিছু হাইব্রিড পরগাছা নেতা ঢুকে পড়েছে। সংগঠনকে শক্তিশালী করতে হলে হাইব্রিড পরগাছা নেতাদের সনাক্ত করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।’

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাস, পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক পিপিএম, সড়ক ও জনপথ বিভাগের রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম ইকরাম উল্লাহ, বগুড়ার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান প্রমুখ।

জেআই