চট্টগ্রামে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নগরীর মেডিকেল কলেজ ও এর আশপাশের এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ধুমপানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন পেশার ১৮ জনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়।
সুরাইয়া আক্তার বলেন, এ অভিযান নগরীর বিভিন্ন স্থানে পুরো মাস ধরে চলবে। পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে সকাল থেকে ১৮ ব্যক্তিকে আটকের পর তাদের কাছ থেকে দুই হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে প্রকাশ্যে ধূমপান না করার জন্য সর্তক করা হয়েছে তাদের।
প্রসঙ্গত, আইন অনুযায়ী প্রকাশ্যে ধূমপানকারীকে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করা যায়। কয়েক বছর আগে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে আইন পাস হওয়ার পর কিছু দিন এ অভিযান চললেও অজ্ঞাত কারণে পরে তা বন্ধ হয়ে যায়।
কেএইচ





