প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে ত্রুটির ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো ৩ জন শীর্ষ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করেছে। বিমান গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।
বরখাস্ত তিন প্রকৌশলী হলেন দেবেশ চৌধুরী, এসকে সিদ্দিক ও বেলাল হোসেন। এর আগে তদন্ত কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটির পাঁচ প্রকৌশলীসহ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
শাকিল মেরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনা তদন্তে বিমানের ক্যাপ্টেন ফজল মাহমুদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট যে তদন্ত কমিটি করা হয়েছিল, সোমবার সেই কমিটি বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদের কাছে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। কমিটির সুপারিশের ভিত্তিতে ওই ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে।’
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে।
জারিফ





