বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ২৪ মিনিটে।
আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ক্রমাগত দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে যাচ্ছে।
মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





