বরিশালে মিজানুর রহমান শামীম (৫৫) নামে এক হোটেল ম্যানেজারের লাশ উদ্ধার করেছ পুলিশ।

নগরীর ভাটারখালের আবাসিক হোটেল গ্রিন বাগ থেকে মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

শামীমের বাড়ি ভোলা জেলার পাতারহাট উপজেলায়।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মুকুল জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে হোটেল ম্যানেজার শামীমের মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় উদ্ধার করেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হোটেলে থাকা তিন মুরগি বিক্রেতাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এর সঙ্গে তাদের সম্পৃক্ততা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।

কোতয়ালী থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে হোটেলের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য শেরে-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এএইচ