আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও ভয় প্রদর্শনের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকিতে ফেলেছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

আজ (১৪ ডিসেম্বর) শুক্রবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ এইসব কথা বলেছে।  

সংস্থাটি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত, চীন ও অন্যান্য রাষ্ট্রগুলোর প্রতি প্রচারনাকালীন সহিংসতা বন্ধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিশ্চিতের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগের আহবান জানিয়েছে।

চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গবেষণা করেছে। এতে নিরাপত্তা বাহিনী নির্বিচারে আন্দোলনকারী ও বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও আটক করছে এরকম প্রমান পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

একইসঙ্গে, শাসকদল আওয়ামীলীগের ছাত্র ও যুব সংগঠনের হুমকি প্রদান ও সহিংসতার কথাও উল্লেখ করা হয় বিবৃতিতে। এইসব ধর পাকড় এখানে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করছে। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের মত প্রতিষ্ঠানগুলো প্রচারণা ও নির্বাচন বিষয়ক বিরোধগুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে সমাধান করতে পারছে না।  

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, রাজনীতিতে নিজেদের পূর্ন নিয়ন্ত্রন প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামীলীগ সরকার পর্যায়ক্রমে বিরোধী মত ও স্বাধীনতাকে দমিয়ে দিচ্ছে।

ব্র্যাড অ্যাডামস আরও বলেন, প্রধান বিরোধী দলের নেতাকর্মীরা গ্রেফতার, খুন ও গুমের স্বীকার হচ্ছে। এতে এখানে একটি দমন ও ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে যা একটি নির্ভরযোগ্য নির্বাচন আয়োজনের সঙ্গে সঙ্গতপূর্ন নয়। বাংলাদেশের নাগরিকদের নিজেদের সরকার বেছে নেয়ার অধিকার রক্ষার্থে সরকারের উচিত, মত প্রকাশের স্বাধীনতা ও বিরোধী দলের বিরুদ্ধে চলমান দমন-পীড়ন বন্ধ করা।

এমবি