সিলেট এমসি কলেজ ক্যাম্পাসে শাবি'র ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজা আক্তার নার্গিসকে ভারত নিয়ে উন্নত চিকিৎসা দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। বুধবার রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে তার পরিবারের সাথে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন আহত খাদিজার চাচা আব্দুল কুদ্দুস।

তিনি বলেন, ‘ডাক্তার খাদিজাকে ৭২ ঘন্টা পর্যন্ত নিবির পর্যবেক্ষনে রাখবে। এ সময়ে খাদিজার অবস্থার উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাব।’

আব্দুল কুদ্দুস দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে বলেন, ‘খাদিজা খুব ভালো ও লাজুক মেয়ে ছিলো। সে কখোনো কারো সাথে ঝামেলা করতো না। আমরা চাই আমাদের খাদিজা আমাদের কাছে ফিরে আসুক।’

এদিকে, গতকাল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখতে রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ ছুটে আসছেন। এছাড়াও খাদিজার সর্বশেষ খবর জানাতে গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান করছেন।

প্রসঙ্গত, গত সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার সময় এমসি কলেজের পুকুর পাড়ে ধারালো অস্ত্র দিয়ে খাদিজাকে মাটিতে ফেলে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম (২৭)। বদরুল আলম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। একই বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ সেশনে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন বদরুল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমার মুনিরজ্ঞাতি গ্রামে।

তিনি ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে। আর খাদিজা সদর উপজেলার আউশা এলাকার সৌদী আরব প্রবাসী মাসুক মিয়ার মেয়ে। পরিবারের সাথে সিলেট নগরীর আখালিয়া এলাকার বসবাস করেন তিনি।

এমবিএইচ