ঈদের অগ্রিম টিকিট বিক্রি সোমবার থেকে শুরু হয়েছে। তবে টিকিট বিক্রি শুরু হলেও কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত যাত্রীদের কোন দেখা নেই। টিকিট বিক্রির প্রথম দিনে রাজধানীর বেশ কয়েকটি টিকিট কাউন্টার ঘুরে দেখা যায় এমনই চিত্র। তবে অগ্রিম টিকিটগুলো বেশিরভাগই গাবতলী থেকে ছাড়া হচ্ছে।

গাবতলী, শ্যামলী ও কল্যাণপুরসহ বেশ কয়েকটি কাউন্টারে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাউন্টারে টিকিট নিয়ে বসে আছেন বিক্রেতা। তবে তেমন যাত্রী নেই। যে কয়েকজন যাত্রী দেখা গেছে, তারা আজ ও দুয়েক দিনের মধ্যে যাওয়ার জন্য টিকিট নিতে এসেছেন। এছাড়া এদের মধ্যে দুই একজনকে দেখা গেছে অগ্রিম টিকিট নিতে।

হানিফ পরিবহণের অগ্রিম টিকিট বিক্রি প্রসঙ্গে ম্যানেজার জাকির মল্লিক জানান, অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে ৫ অক্টোবরের অগ্রিম টিকিট আজ (সোমবার) থেকে দেওয়া হচ্ছে। তবে টিকিট বিক্রি শুরু হলেও পর্যাপ্ত যাত্রীর দেখা নেই।

যাত্রীদের দেখা না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন একটি দিনে টিকিট ছাড়া হয়েছে, যেদিন সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কোন সাপ্তাহিক ছুটির দিনে টিকিট ছাড়া হলে হয়তো যাত্রীদের দেখা পাওয়া যেত।’ তবে আজ যাত্রীরা না এলেও শুক্রবার যাত্রীদের অগ্রিম টিকিট নেয়ার চাপ বাড়তে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

টিকিটের মূল্য প্রসঙ্গে জাকির মল্লিক বলেন, ‘রোজার ঈদে টিকিটের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবারও টিকিটের মূল্য একই রাখা হয়েছে।’ তবে এ মূল্য কিছুটা পরিবর্তিত হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যান্য কাউন্টারে দু’একজন যাত্রী দেখা গেলেও সোহাগ পরিবহণের কাউন্টার ছিল একেবারেই ফাঁকা। এছাড়া দিগন্ত, রেখা, নাবিল, এসআরসহ অন্যান্য পরিবহণ কাউন্টারগুলোতেও প্রায় একই চিত্র দেখা গেছে।

তবে অন্যান্যরা অগ্রিম টিকিট বিক্রি শুরু করলেও ঈগল পরিবহণের কোন অগ্রিম টিকিট বিক্রি সোমবার শুরু হয়নি বলে জানান ম্যানেজার মিঠু। তিনি বলেন, ‘আমরা অগ্রিম টিকিট বিক্রি এখনো শুরু করিনি। আগামি দিন শুরু হবে কি না তাও নিশ্চিতভাবে বলতে পারছি না।’

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই