মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মাদক বিক্রির দায়ে শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে ছয়মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুন) দুপুর ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদুল ইসলাম এ আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত শাহ আলম উপজেলার বায়রা বাজার এলাকার বাসিন্দা।
জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন শাহ আলম। খবর পেয়ে সকালে জেলা মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তাদের একটি দল শাহ আলমের বাড়িতে অভিযান চালায়। এসময় এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, এরপর দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় শাহ আলম দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয়মাসের কারাদণ্ডাদেশ দেন।
এমআর





