ভারতের গৌহাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন আজ শুরু হচ্ছে।
মঙ্গলাবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ভারতের গৌহাটিতে এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
এ সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল ভারতে পৌঁছেছেন বলে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আজ সকাল ১০টার দিকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করেন।
সেখানে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর বিজিবি মহাপরিচালকসহ বাংলাদেশ প্রতিনিধিদল বিএসএফের হেলিকপ্টারে করে ভারতের গৌহাটিতে পৌঁছান। সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।
আগামী ২৫ ডিসেম্বর সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে। সম্মেলন শেষে ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে জনানো হয়।
এমবি





