পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে গরমের অনুভূতি কমার সম্ভাবনা আপাতত নেই।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর সারাদেশের জন্য প্রকাশিত পূর্বাভাসে জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। একইসঙ্গে বর্তমানে রংপুর, সিলেট, রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা অঞ্চলে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

এনএইচ