টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি ও রাজবাড়ী এলাকায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দু'জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে ওই দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইল জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক পংকজ সরকার, দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকার হামিদা আক্তার।

বঙ্গবন্ধু সেতু থানার ওসি আখেরুজ্জামান জানান, রাতে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পংকজ সরকার মারা যান। আহত হন মোটরসাইকেল চালক জাকারিয়া।

অপরদিকে, কালিহাতী উপজেলার এলেঙ্গা সংযোগ সড়কের রাজাবাড়ী এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী মহানগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী হামিদা আক্তার ঘটনাস্থলেই মারা যান। এ সময় নিহত ওই নারীর স্বামী মোটরসাইকেল চালক ফরহাদ মিয়া আহত হন।

আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য ফরহাদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআর