সরকারি ও বেসরকারি মিলিয়ে এবার ৮৪ হাজার ৯০৯ জন হজে যাচ্ছেন। এর মধ্যে বেসরকারিভাবে হজে যাচ্ছেন ৮৩ হাজার ৪০৯ ও সরকারিভাবে এক হাজার ৫০০ জন।
সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে সৌদি আরব যেতে পারবেন। এর মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) মো. জাহাংগীর আলম মঙ্গলবার জানান, ব্যাংকগুলোর কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার হজে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারিভাবে প্রায় ৮৫ হাজার জন মোয়াল্লেম ফি জমা দিয়েছেন।
তিনি বলেন, বেসরকারি হজযাত্রীদের মধ্যে ৮২ হাজার ৯২৪ জন পূর্ণ বয়স্ক, ১৮ বছরের নিচে ২৬৫ জন ও শিশু ২২০ জন। গত বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১২৫ জন হজ পালন করেছিলেন বলেও জানান উপ-সচিব।
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রাখা হয়েছে এবার। এবার প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে লাগবে তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা লাগবে। তবে দুটি প্যাকেজেই কোরবানীর জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে।
এ বছর হজের টাকা (মোয়াল্লেম ফি, বাড়ি ভাড়া, অতিরিক্ত সার্ভিস চার্জ, বিমান ভাড়া ও অন্যান্য টাকা) জমা দেওয়ার সময় শেষ হয় গত রবিবার (১ জুন)।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ অক্টোবর (৯ যিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৭ আগস্ট। শেষ হবে ২৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]