নোয়াখালী পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটকের ২ ঘন্টা পর থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় অফিস কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টারের অপর পাতায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোরহান উদ্দিন ক্লাস রুটিন লেখার অভিযোগে পুলিশ গোপন সংবাদে আটক করে থানায় নিয়ে যায়। ব্যাপক জিজ্ঞাসাবাদের পর বিভিন্ন তদবিরে কোর্টে প্রেরণ না করে ছেড়ে দেওয়া হয়েছে।
থানা সূত্র ও শিক্ষকরা জানান, ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পোস্টার বিদ্যালয়ের অফিস প্রাঙ্গনের বারান্দার দেওয়ালে লাগানো হয়েছে। দীর্ঘদিন থাকার পর পোস্টার দেওয়াল থেকে খসে নিচে পড়ে যায়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওই পোস্টার তুলে নিয়ে ছবির অপর পাতায় শিক্ষার্থীদের দৈনন্দিন পাঠদানের রুটিন তৈরী করেছে। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির অবমাননার অভিযোগ এনে মোবাইলে থানায় সংবাদ দেয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে এসে ছবি সম্বলিত পোস্টার ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
বিভিন্ন তদবিরে পুলিশ ছবি সম্বলিত অপর পাতায় পাঠদানের রুটিন লেখার কারণ জিজ্ঞাসাবাদ করে ২ ঘন্টা পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কোর্টে প্রেরণ না করে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট একটি ছবি সম্বলিত পোস্টারের অপর পাতায় ক্লাস রুটিন লেখায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জিজ্ঞাসাবাদ করতে থানায় এনে জিডি করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তদন্ত করে এই লেখার পিছনে কোন রহস্য আছে কিনা প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ





