ঈদের সময় সড়কের রং সাইড দিয়ে কোনো ভিআইপি চলাচল করতে পারবেন না সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন ধরনে পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসী কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়, কোনাবাড়ি, কালিয়াকৈর মোড়, নবীনগর মোড়, কাঁচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব স্বেচ্ছাসেবক আজ বৃহস্পতিবার থেকে কাজ করবে।
এ ছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ভোগড়া ইত্যাদি পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে।
তিনি বলেন, “আগামী ২ জুলাই বহু প্রত্যাশিত ঢাকা–চট্টগ্রাম চার লেন মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আমরা দেশবাসীর উদ্দেশে এ নিবেদন করছি।”
দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কে ২৩টি ব্রিজ, ২৪৩টি কালভার্ট ও ১৪টি বাইপাসসহ আনুষাঙ্গিক কাজ শেষ হয়েছে। এখন ঢাকা-চট্টগ্রামের পথ সাড়ে চার ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে।
মন্ত্রী বলেন, “এরপর আগামী বছরের শেষ ভাগ থেকে ঢাকা-চট্টগ্রাম ২২৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তুতি পর্ব শুরু করব।”
২০০৫ সালের ২৬ ডিসেম্বর একনেক সভার চূড়ান্ত অনুমোদন পাওয়া এ প্রকল্পের কাজ শুরু হয়েছিল ২০০৬ সালের জানুয়ারিতে। ২০১২ সালের জুন মাসে চার লেনে গাড়ি ছোটার কথা থাকলেও তা আর হয়নি।
এরপর প্রকল্পের মেয়াদ বেড়েছে তিন দফা। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে তৃতীয় দফা সংশোধনে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ঠিক করা হয়। ব্যয় বেড়ে হয় প্রায় ৩ হাজার ৮১৭ কোটি টাকা, যার মধ্যে প্রায় ৬২৭ কোটি টাকা নতুন করে বরাদ্দ দেওয়া হয়।
এমই





