যশোরে বেসরকারি পাটকল আহাদ জুট মিলে মজুরি ও বোনাস কেটে নেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ফলে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল থেকেই যশোর-নড়াইল সড়কের শহরের ঝুমঝুমপুর বিসিক শিল্প এলাকায় এ অবরোধ করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা দু’পক্ষের সঙ্গে আলোচনা করছেন।
আহাদ জুট মিলের একাধিক শ্রমিক নেতা বলেন, আহাদ জুট মিলে আগে বছরে ছয়টি বোনাস দেওয়া হতো। এর মধ্যে ছিল দু’টি উৎসব ভাতা এবং চারটি প্রোডাকশন বোনাস। কিন্তু এখন বছরে মাত্র একটি বোনাস দেওয়া হচ্ছে দুই ঈদে ভাগ করে।
তারা আরও বলেন, দৈনিক মজুরিও কাটছাঁট করা হয়েছে। হাজিরা ২৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকায় নামিয়ে আনা হয়েছে। ফলে শ্রমিকদের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ায় আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। কর্তৃপক্ষ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান শ্রমিক নেতারা।
আহাদ জুট মিলের ব্যবস্থাপক আব্দুস শহীদ শ্রমিকদের বেতন-বোনাস কর্তনের কথা স্বীকার করে বলেন, আগে ব্যবসা ভালো ছিল। সে কারণে বছরে শ্রমিকদের ছয়টি বোনাস দেওয়া হতো। এখন ব্যবসার অবস্থা খারাপ। তাই বোনাস কমিয়ে দু’টিতে নামানো হয়েছে।
দৈনিক হাজিরা কমানো প্রসঙ্গে তিনি বলেন, পুরুষ শ্রমিকদের দশ এবং নারী শ্রমিকদের ১৫ শতাংশ মজুরি কমানো হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, মিল কর্তৃপক্ষ এবং শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত সড়ক অবরোধ প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এমই





