বরিশালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী পলিটেকনিকের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ সড়কে এই ঘটনা ঘটে।
নিহত অভয় দাস (১৮) গৌরনদী উপজেলার সরিকর এলাকার সজল দাসের ছেলে। তিনি বরিশাল নগরীর বেসরকারি ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের প্রথম সেমিস্টারে পড়তেন। তিনি নগরীর শেরে বাংলা সড়ক এলাকায় মেসে বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপসোনিন কোম্পানির একটি ট্রাক নথুল্লাবাদ থেকে সিঅ্যান্ডবি রোডের দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি রাত সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদ অতিক্রমের সময় ট্রাকটি অভয় দাসকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক অভয়কে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, অপসোনিন কোম্পানির একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এই ঘটনায় গাড়িটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এমবি





