logo
Search

সারাদেশ

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আসাদুল ইসলাম (৩১) গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনটি ঘটনাস্থলের স্পিড ব্রেকার পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরাফাত দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাস করতেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে গৌরনদীর কটকস্থল এলাকায় আরেকটি দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন।

নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। রাতে চার বন্ধু দুটি মোটরসাইকেলে ঢাকা থেকে বাবুগঞ্জের উদ্দেশে যাচ্ছিলেন।

কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম জানান, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন আটক করা হয়েছে। তবে আগের রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা যায়নি।

দুই ঘটনায়ই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এস