চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল ইসলামকে (২৬) কুপিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগেরই স্থানীয় নেতাকর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার বিকাল ৪টার জেলার আলমডাঙ্গা উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটেছে বলে জানা গেছে।
জানা যায়, বিকালে আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর নিজ গ্রাম থেকে মোটরসাইকেলযোগে উপজেলা চত্বরে পৌঁছেন সাইফুল ইসলাম। এসময় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডন ও পৌর ছাত্রলীগের সভাপতি নয়নসহ ৭/৮ জন নেতাকর্মী মোটরসাইকেলের গতিরোধ করে সাইফুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।
তাকে উদ্ধার করে প্রথমে হারদী হাসপাতালে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দলীয় কোন্দলের জের ধরেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





