সিরাজগঞ্জের তাড়াশ মহিষলুটি এলাকায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ২ যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁ ইউনিয়ন যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক মো. মহির উদ্দিন ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর রহমান জানান, বুধবার বেলা ১২টার দিকে মহিষলুটি এলাকায় অভিযান চালিয়ে মহির ও আনিছকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এই ধর্ষণের ঘটনার পর স্থানীয়রা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দিলেও ঘটনার সময় তার সাথে থাকা ১০ বছর বয়সী ছোট ভাইকে বুধবার পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ। ওদিকে গ্রেপ্তার হওয়া ২ যুবলীগ নেতাকে বহিষ্কারের সিদ্বান্ত নিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহিষলুটি-নওগাঁ আঞ্চলিক সড়কের বিদ্যাধর গ্রামের একটি ফাকা বাড়িতে এ ধর্ষণের ঘটনার শিকার কিশোরী নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের রানীগ্রামের বাসিন্দা।
মঙ্গলবার রাতে থানায় হেফাজতে থাকা অবস্থায় ধর্ষিতা কিশোরী গণমাধ্যমকর্মীদির জানায়, তিনদিন আগে ছোট ভাইকে নিয়ে তাড়াশের মান্নান নগর এলাকায় বড় বোনের বাড়িতে আসে সে। মঙ্গলবার বিকেলে দু’ভাইবোন চলনবিল দেখতে মহিষলুটি যায়। পথে আনিসুর রহমান নামে তার দুলা ভাইয়ের এক বন্ধু কৌশলে ব্যাটারি চালিত অটোরিকশায় তাদের তুলে নিয়ে বিদ্যাধর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে আটকে রাখে। সন্ধ্যার পর পরিত্যক্ত ওই বাড়ি থেকে ছোট ভাইকে তারা অন্যত্র সরিয়ে নিয়ে যায়। এরপর রাত সাড়ে ৮টার দিকে আনিসুর ও তার বন্ধু মহির এসে দুজন মিলে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার শুনে আশপাশের লোকজন এলে ওই দুজন পালিয়ে যায় বলে জানান নির্যাতিত এই কিশোরী। নওগাঁ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী জানান, খবর পেয়ে আমরা মেয়েটিকে উদ্ধার করে মহিষলুটি আওয়ামী লীগ কার্যালয়ে রেখে থানায় সংবাদ দেই। পরে পুলিশ এসে মেয়েটিকে নিয়ে যায়। তবে তার ছোটকে আমরা ঘটনাস্থলে পাইনি।
তাড়াশ থানার পরিদর্শক তদন্ত ফজলে আশিক জানান, ভিকটিমকে উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়েছে। রাতেই ওই নির্যাতিত মেয়ে বাদী হয়ে মহির ও আনিছের নামে ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষিতা কিশোরী ঘটনার সময় তার ছোট ভাই নিখোঁজ হয়েছে দাবী করলেও আমরা তাকে এখনও খুঁজে পাইনি। ভিকটিমকে বুধবার দুপুরে মেডিকেল পরীক্ষার জন্য তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, বুধবার বেলা ১২টার দিকে তাড়াশ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, শিগগিরই দলের জরুরি সভা ডেকে স্থানীয় যুবলীগ নেতা মহির ও আনিছকে দল থেকে বহিষ্কার করা হবে। এজন্য ওই ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদককে ডেকে পাঠানো হয়েছে।
এএইচ





